নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরের নালিতাবাড়ীতে নিজস্ব উদ্যোগ ও অভিজ্ঞতায় ২৫টি ধানের জাত উদ্ভাবনের দাবি করেছেন কৃষক সেন্টু কুমার হাজং। তাঁর উদ্ভাবনী কৃষি কার্যক্রম ও ধানের বিভিন্ন জাত সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
শুক্রবার (২৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামে সেন্টু কুমার হাজংয়ের কৃষি কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি সেন্টুর উদ্ভাবনী উদ্যোগ, কৃষি অভিজ্ঞতা এবং উদ্ভাবিত ধানের বিভিন্ন জাত সম্পর্কে খোঁজখবর নেন।
সেন্টু কুমার হাজংয়ের দাবি, সীমিত প্রশিক্ষণ ও নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আমন ধানের ২২টি জাতসহ মোট ২৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন। এসব জাতের ধানের দানা, রং, আকৃতি ও গাছের বৈশিষ্ট্যে ভিন্নতা রয়েছে।
তৃণমূল পর্যায়ে কৃষকের এমন উদ্যোগকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। তবে উদ্ভাবিত জাতগুলোর বৈশিষ্ট্য, উৎপাদনশীলতা ও কৃষিতে ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে বৈজ্ঞানিক মূল্যায়ন ও গবেষণা প্রয়োজন।যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এসব উদ্ভাবন দেশের কৃষি খাতে অবদান রাখতে পারে।
পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।