নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের রৌহা ইউনিয়নের ফটিয়ামারি এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও দুর্ভোগের কথা শুনেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় তিনি এলাকার অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষ এবং স্থানীয় মুরব্বিদের সঙ্গে কথা বলেন।
শনিবার (২৪ অক্টোবর) ফটিয়ামারি এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন সংসদ সদস্য। এ সময় তাঁরা এলাকার নানা সমস্যা ও দুর্ভোগের বিষয় তুলে ধরেন। তাঁদের কথা শুনে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এলাকার মানুষের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে শেরপুরের সব এলাকার উন্নয়ন পর্যায়ক্রমে করা হবে।
এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজেদের সমস্যার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস পাওয়ায় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।