শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় বাড়ি ফেরার পথে একটি দেশি কড়ি কাইট্টা (কচ্ছপ) উদ্ধার করেছে এক কিশোরী। পরে বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের সহায়তায় কচ্ছপটি জলাশয়ে অবমুক্ত করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) রাতে সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে আয়েশা সিদ্দিকা রিশা বাড়ি যাওয়ার পথে কচ্ছপটি দেখতে পায়। পরে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় সে।
বিষয়টি জানতে পেরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন এবং শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি-পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক, জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা কচ্ছপটি জলাশয়ে অবমুক্ত করেন।
ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া কচ্ছপটির ইংরেজি নাম ইন্ডিয়ান রুফড টার্টল। এটি বাটাগুর নামেও পরিচিত। এরা জলচর, দিবাচর ও ধীরগতিসম্পন্ন প্রাণী। কখনো কখনো পানিতে ভাসমান গাছের গুঁড়ির ওপর উঠে রোদ পোহায়। এরা সর্বভুক। জলজ উদ্ভিদ, কচুরিপানা ও আগাছার পাশাপাশি কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে থাকে।
তিনি আরও জানান, এ প্রজাতির কচ্ছপ সাধারণত গাছপালাসমৃদ্ধ স্থির বা ধীরগতিতে প্রবাহিত পানির জলাভূমিতে বসবাস করে। আগে এদের সচরাচর দেখা গেলেও বর্তমানে এদের উপস্থিতি অনেক কমে গেছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য করুন