নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার গুণগত মান সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহাপরিচালককে অভিবাদন জানান। পরে ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন।
বক্তব্যের শুরুতে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করতে অবদান রাখা সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে অপারেশনাল কার্যক্রমে আত্মদানকারীদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। সেবাধর্মী এ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দরবারে ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন ও সার্বিক সেবার মান বৃদ্ধিতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন মহাপরিচালক। এ সময় তিনি বলেন, ‘বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
অপারেশনাল কার্যক্রমে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করে তিনি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন মহাপরিচালক। তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দরবারে অধিদপ্তরের পরিচালকরা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।