নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
ডিজিটাল মাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার বিষয়ে সচেতন করা হয়।
রবিবার (২৫ অক্টোবর) বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে হৃদয়ে পাকুড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান ও মনিকা আক্তার।
আলোচনায় বক্তারা ডিজিটাল যুগে তথ্যের সঠিক ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ছড়ানোর ক্ষতিকর দিক তুলে ধরেন। এ সময় মিসইনফরমেশন (Misinformation), ডিসইনফরমেশন (Disinformation) ও ম্যালইনফরমেশন (Malinformation)—এই তিন ধরনের তথ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, অসচেতনভাবে ভুল তথ্য ছড়ানো, ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য প্রচার এবং কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সত্য তথ্য ব্যবহার—তথ্যের এই তিন ধরনের অপব্যবহার ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে পোস্ট শেয়ার করা, সম্পাদিত ছবি বা ভুয়া খবর ছড়ানো এবং অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।
তাঁরা আরও বলেন, ভুল তথ্য মানুষের সম্মানহানি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য দেখেই তা বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয়। তথ্যের সত্যতা যাচাইয়ে বিশ্বস্ত সংবাদমাধ্যম ও সরকারি সূত্রের সহায়তা নিতে হবে। পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক করা এবং যাচাই ছাড়া ছবি বা ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে।
আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করে এবং ভবিষ্যতে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অঙ্গীকার করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।