নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে লাঙ্গলজোড়া এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক দীর্ঘক্ষণ রেললাইনে বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।