নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময় জোরদার করার লক্ষ্যে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শিক্ষার্থী ভর্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। আনুষ্ঠানিক বৈঠকের আগে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও জাদুঘর পরিদর্শন করেন।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি ঝ্যাং শিয়াওলি। এতে ইউনান প্রাদেশিক সরকারের বৈদেশিক বিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে ঝ্যাং শিয়াওলি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান। পরে স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন লিউ ইয়াজিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম ও চায়না স্টাডিজ কর্মসূচি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
এ সময় বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবন ও ক্যাম্পাসের অভিজ্ঞতা তুলে ধরেন। সিনিয়র সচিব আবদুল খালেক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার মান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সহায়ক শিক্ষার পরিবেশের প্রশংসা করেন।
বৈঠকে দুই পক্ষ চিকিৎসা শিক্ষায় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এর মধ্যে ছিল শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষক-শিক্ষার্থী ও একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা।
বাংলাদেশি প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অধিকসংখ্যক বাংলাদেশি তরুণ-তরুণীর জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষার সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং একাডেমিক বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।