নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধ এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সঙ্গে প্রতারণা ও রিক্রুটিং এজেন্সির অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ তাঁকে আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক পাঠাবে না। বিশ্বের সব দেশকে দেখাতে হবে, বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।
অবৈধ অভিবাসন ও হুন্ডির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অবৈধ পথে বিদেশ গেলে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়। তাই সবাইকে বৈধ পথে বিদেশ যাওয়ার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে হবে। যে দেশে যাবেন, সে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, যাতে গুটিকয়েক মানুষের অপকর্মের কারণে পুরো দেশের বদনাম না হয়।
দেশে ও বিদেশে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাঁরা অবিলম্বে প্রতারণা বন্ধ না করলে তাঁদের আইনের আওতায় আনা হবে।
রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে তিনি বলেন, সঠিক ও সৎ পথে ব্যবসা পরিচালনা করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।