নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা (Satsuki Katayama) এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির (Mimura Atsushi) দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন (অলটারনেটিভ ফাইন্যান্সিং) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্পের পাশাপাশি নতুন চুক্তি ও সহযোগিতার উদ্যোগও অব্যাহত রয়েছে।