নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে জামালপুরে বিনা মূল্যে ১৪০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে প্রায় ২০০ দর্শনার্থী অংশ নেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের ১৬৬ নম্বর কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নান্দিনার সামাজিক সংগঠন দীপ শিখা ফাউন্ডেশন ‘বাঁচাতে মানব প্রাণ, স্বেচ্ছায় করব রক্তদান’ প্রতিপাদ্যে এ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ শিখা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মুহা. আশরাফ হোসেন, ১৬৬ নম্বর কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনাস সিদ্দিকী, সমাজসেবক মীর মিজানুর রহমান এবং শিক্ষানুরাগী মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরিফুল হক সরকার বলেন, জরুরি প্রয়োজনে রক্তের অভাবে অনেক রোগীর জীবন ঝুঁকিতে পড়ে। তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। রক্তদান নিয়ে প্রচলিত ভুল ধারণা ও ভয় দূর করে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে ১৪০ জনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা, উপকারিতা ও মানবিক গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয়। এতে প্রায় ২০০ দর্শনার্থী অংশ নেন।
সভাপতির বক্তব্যে এসআই হুমায়ুন কবিরসহ অন্য বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে রানাগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ব্লাড ডোনেট ক্লাব জামালপুরের সভাপতি মো. রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক মামুন হাসান অরিন, কোষাধ্যক্ষ বদরুস সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রাকিব হোসেন ও পরিবেশবিষয়ক সম্পাদক আরিফা আফরিন উপস্থিত ছিলেন।
কর্মসূচি সফল করতে দীপ শিখা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী মীর শাহিন, আপেল মাহমুদ, আরিফুল ইসলাম কাজল, রুবেল হুসাইন, ফরহাদ হোসেন ও শাহিনুরসহ অন্যরা দায়িত্ব পালন করেন।