নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
জনগণের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২৪ জন সেবাপ্রার্থী তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। তাঁদের মধ্যে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। সরকারি কাজে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে অবস্থান করায় তাঁর পক্ষে গণশুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
গণশুনানিতে সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া একজনকে হুইলচেয়ার এবং একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়েছে। অন্য সেবাপ্রার্থীদের আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।