নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান তাঁকে গ্রেপ্তার করতে থানার একটি পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা সুমনকে গ্রেপ্তার করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।