নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নকলা উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল থেকে এক মিনিট চার সেকেন্ডের মাইকিংয়ের ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে। মাইকিংটি করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মোস্তফার নামে।
ভাইরাল হওয়া ভিডিওতে মাইকিংয়ে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে আসছেন। তাঁর আগমন উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ জন্য এলাকাবাসীকেও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
মাইকিংয়ে আরও বলা হয়, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ তবে মাইকিংটি কবে, কোথায় এবং কারা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নকলা-নালিতাবাড়ী সড়কের কোনো একটি স্থানে মাইকিংটি করা হয়েছে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি এবং পর্যবেক্ষণ করছি। কোন এলাকার এবং কবে ধারণ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পুলিশের একটি তদন্ত দল মাঠে কাজ করছে।’
পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের স্থান ও সময় শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।