নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে খরস্রোতা ভোগাই নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার তারাগঞ্জ থানা-সংলগ্ন ভোগাই নদীর ঘাটে জনপ্রিয় ইসলামিক বক্তা মো. রফিকুল্লাহ আফসারী পোনামাছ অবমুক্ত করেন।
দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ এবং উন্মুক্ত জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মো. রফিকুল্লাহ আফসারী বলেন, নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তারের উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোগাই নদীতে পোনামাছ অবমুক্ত করার এ উদ্যোগ নদীর মৎস্যসম্পদ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে উন্মুক্ত জলাশয় সংরক্ষণ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।