নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নতুন উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে হাতির আক্রমণের আতঙ্কে থাকা সীমান্তবাসীর একটি অংশ এখন হাতিকে উত্যক্ত ও আক্রমণ করছে। ধারালো অস্ত্র নিয়ে হাতির ওপর হামলা, আগুনের মশাল জ্বালিয়ে তাড়া করা এবং বনের ভেতরে বিশ্রামরত হাতির কাছে গিয়ে বিরক্ত করার মতো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে। এতে বন্য হাতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে মানুষ ও বন্য হাতির সংঘাত চলে আসছে। হাতির আক্রমণে মানুষের প্রাণহানির পাশাপাশি ফসল ও ঘরবাড়ির ক্ষতি হচ্ছে।অন্যদিকে, মানুষের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদসহ বিভিন্ন কারণে হাতিও মারা পড়ছে।
বন বিভাগের একটি সূত্র জানায়, গত ৩০ বছরে শেরপুরে হাতির আক্রমণ ও মানুষের সঙ্গে সংঘাতের ঘটনায় ৪৭টি হাতি মারা গেছে। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন মানুষ। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন।ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি; আর্থিক ক্ষতির পরিমাণও কয়েক লাখ টাকা ছাড়িয়েছে।
মানুষ ও হাতির সংঘাত নিরসনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। একসময় হাতির ভয়ে সীমান্তবাসী নির্ঘুম রাত কাটাতেন। এখন দিনের বেলাতেও হাতির বিচরণ ও আক্রমণের ঘটনা ঘটছে। তবে হাতির অবস্থান টের পেলেই কিছু মানুষ লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র, আগুনের মশাল ও ইট-পাটকেল নিয়ে হাতিকে তাড়া করছেন। এতে মানুষ ও হাতি উভয়ের জন্যই বাড়ছে ঝুঁকি।
স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা জানান, তাঁরা দিন-রাত হাতির অবস্থান পর্যবেক্ষণ করে সীমান্তবাসীকে সতর্ক করছেন। পাশাপাশি হাতিকে উত্ত্যক্ত না করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে হ্যান্ড মাইকে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জার আব্দুল করিম বলেন, গত দুই-তিন দিন ধরে এ এলাকায় হাতির অবস্থান ছিল। শুক্রবার থেকে হাতিগুলো পাশের দাওধরা এলাকায় চলে গেছে। হাতিকে উত্ত্যক্ত না করার বিষয়ে ইআরটি সদস্যদের মাধ্যমে স্থানীয় লোকজনকে নিয়মিত সচেতন করা হচ্ছে। গত পরশু রাতেও বাতকুচি এলাকায় হাতির অবস্থানের খবর পেয়ে স্থানীয়দের নিয়ে বৈঠক করে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, এরপরও কিছু মানুষ দা-কাঁচি নিয়ে হাতির ওপর হামলা চালাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ ধারালো অস্ত্র দিয়ে হাতিকে আঘাত করেছেন—এমন প্রমাণ পাওয়া গেলে তাঁকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
রেঞ্জার আব্দুল করিম জানান, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় সংসদ সদস্য ফাহিম চৌধুরীর উদ্যোগে ১৪টি ইলেকট্রনিক ডিভাইস ও এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে হাতির অবস্থান শনাক্ত করা সহজ হচ্ছে। হাতির গতিবিধি সম্পর্কে আগাম ধারণা পাওয়ায় স্থানীয় লোকজন ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে পারছেন। এতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতেও সহায়তা হচ্ছে।
শেরপুর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, হাতির বিচরণক্ষেত্রে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতিকে উত্ত্যক্ত না করার বিষয়ে নিয়মিত সচেতন করা হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তাঁরাও উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে দ্রুত ইআরটির মাধ্যমে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতির স্বাভাবিক চলাচল ও নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং মানুষের জানমাল রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি। হাতিকে আক্রমণ বা উত্ত্যক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হাতির উপস্থিতির খবর বন বিভাগকে জানানোই হতে পারে সংঘাত কমানোর অন্যতম উপায়।