নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরে যৌতুকের দাবিতে আলমিনা আক্তার নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রাকিবুল হাসান রাকিবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ নভেম্বর রাত ৯টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী গ্রামে স্বামীর বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। আলমিনা আক্তার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের বাসিন্দা।
নির্যাতিতার মা সেলিমা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন স্বামী রাকিব এবং তাঁর পরিবারের সদস্যরা। মেয়ের সংসার টিকিয়ে রাখতে ধারদেনা করে চার লাখ টাকা দেওয়া হলেও বাকি এক লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত ছিল।
সেলিমা আক্তার জানান, গত ৫ নভেম্বর রাতে রাকিব, তাঁর মা রত্না বেগম ও বাবা দেলোয়ার হোসেনের যোগসাজশে আলমিনার হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়। পরে মেয়ের চিৎকারের খবর পেয়ে তাঁরা গিয়ে তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ৬ নভেম্বর রাতে সেলিমা আক্তার শেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন। তবে শুরুতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান রাকিবের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর বাবা দেলোয়ার হোসেন ওরফে ময়ফুল যৌতুকের দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁরা আলাদা থাকেন। ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। তাঁর দাবি, কয়েক দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত ও অভিযান অব্যাহত ছিল।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের নির্দেশে সোমবার (৯ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করা হয়।পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলাও রেকর্ড করা হয়েছে।