নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির মামলায় চারজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।
দণ্ডপ্রাপ্তরা হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি মুক্তিপণের টাকা দিতে পারেনি।
পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে চিনতে পারে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।