নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৫৯৩টি ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে এসব বডি স্প্রে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে একটি টহল দল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫৯৩টি ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ করা হয়।
বিজিবির দাবি, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এসব বডি স্প্রে জব্দ করা হয়।
জব্দ করা বডি স্প্রের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরল আজিম বায়েজিদ রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আগের চেয়ে বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।