নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুর জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও চলমান প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে নভেম্বর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপংকর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্য।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ ছাড়া অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে সমন্বয় জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।