নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
মামার জানাজার নামাজে বক্তব্য দিতে গিয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান। মাদক বিস্তার, পাহাড় ধ্বংস, রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির অভিযোগ তুলে বিএনপি এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মামার জানাজার নামাজে এ ঘোষণা দেন রোমান। পরে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
জানাজায় দেওয়া বক্তব্যে রোমান বলেন, তিনি স্বেচ্ছায়, সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে বিএনপি এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
তিনি জানান, পারিবারিক রাজনৈতিক পরিবেশের কারণে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
বক্তব্যে রোমান অভিযোগ করেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে আশা করেছিলেন। কিন্তু ঝিনাইগাতীতে এখনো মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। রাজনৈতিক প্রভাব বিস্তার ও হয়রানির ঘটনাও তাঁকে হতাশ করেছে।
নিজের মামার রাজনৈতিক ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, দলের কঠিন সময়ে সংসারের খরচের টাকা থেকেও তাঁর মামা দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন, এমনকি রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে তাঁর খোঁজখবর নেওয়ার মতো মানুষের অভাব ছিল।
রোমান বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ সৃষ্টি কিংবা কাউকে ছোট করা তাঁর উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন বলেন, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তাঁরা পাননি। সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না। দু-একজন নেতা দল থেকে চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।