নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে জাপানি ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে শেরপুরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ২৫ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, জাপানে যাওয়ার আগে দেশটির জীবনযাত্রা, পরিবেশ ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে ধারণা থাকা জরুরি। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে জাপানি ভাষা শেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
নিজাম উদ্দিন আহমেদ আরও বলেন, পরিশ্রমের পাশাপাশি জ্ঞান অর্জন ও ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি। জাপানে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য চার মাসের ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রশিক্ষণে জাপান ইট্রু এডুকেশনের পরিচালক মো. আল আমিন ও প্রশিক্ষক মো. মোস্তফা কামালসহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার প্রয়োজনীয়তা, জাপানে যাওয়ার প্রস্তুতি এবং দেশটিতে গিয়ে কীভাবে কর্মজীবন শুরু করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জাপানের কর্মপরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।