নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি অমরাসুরিয়ার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শ্রীলঙ্কার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলমান সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মারস কার্ড’, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ পুনঃখননের উদ্যোগের কথা উল্লেখ করেন।এসব উদ্যোগের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের ‘প্রজাশক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির লক্ষ্য ও দর্শনের মিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী ১৯৮২ সালে নির্মিত শ্রীলঙ্কার জাতীয় সংসদ ভবনও ঘুরে দেখেন।