নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
সহপাঠীদের উদ্যোগে শেরপুরে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধের পাশাপাশি মেয়েটির পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে শেরপুর শহরের বাগরাকসা এলাকার তানিয়া (১৩) নামে ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজনের খবর প্রশাসনকে জানায় তার কয়েকজন সহপাঠী।এনসিটিএফ শেরপুর জেলা শাখার সদস্য মুবাসসারা মিনহারার সহযোগিতায় তারা এ উদ্যোগ নেয়। তানিয়া স্থানীয় আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আগামী শুক্রবার তার বিয়ের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে তানিয়ার বাড়িতে যান শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ে না দেওয়ার মুচলেকা নেন। পরে তানিয়াকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি।
সেখানে গণশুনানিতে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তানিয়ার মা ও নানির সঙ্গে কথা বলেন। পরিবারের আর্থিক অসচ্ছলতা ও বাবার অসুস্থতার বিষয়টি জানার পর তানিয়ার পড়াশোনা অব্যাহত রাখার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক প্রতি মাসে এক হাজার টাকা এবং শেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় আরও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান তানিয়ার বেতন মওকুফসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
জানা গেছে, তানিয়ার বাবা তিন বছর আগে স্ট্রোক করে শয্যাশায়ী হন। তার এক ভাই প্রতিবন্ধী। দুই ভাই ও এক বোনের মধ্যে তানিয়া একমাত্র মেয়ে। আর্থিক সংকটের কারণে তার মা তাসলিমা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকেন। শহরের একটি ছাত্রাবাসে রান্নার কাজ করে সংসার চালান তিনি।
তানিয়ার মা তাসলিমা বলেন, দারিদ্র্যের কারণে মেয়ের ভরণপোষণ ও পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি সহায়তা পেলে মেয়েকে বিয়ে দেওয়ার কথা আর ভাববেন না।
তানিয়ার নানি রাশেদা বলেন, ‘জেলা প্রশাসকের উদ্যোগে আমরা খুশি। তিনি আমার নাতনির দায়িত্ব নিয়েছেন এবং মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।’
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বাল্যবিয়ে বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সময়মতো বিষয়টি প্রশাসনকে অবহিত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে প্রতিবেশীরা বাল্যবিয়ে বন্ধ হলেও পরিবারের আর্থিক সংকটের স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আবারও বিয়ের আয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন।