নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরে শুরু হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রার্থনা পরিচালনা করেন ডিকন পল নোয়াস ধান, সিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন মরিয়মনগর প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্সন চাম্বুগং।
তিন দিনব্যাপী এ উৎসবে রয়েছে নানা আয়োজন। প্রথম দিন শিশুদের গারো ভাষায় ছড়া, আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গারো শিল্পীদের ব্যান্ড দলের কনসার্ট।
উৎসবের দ্বিতীয় দিনেও থাকছে বিভিন্ন খেলাধুলা ও প্রার্থনা। এ ছাড়া মধ্যাহ্নভোজ, আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শেষ দিন গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংসারেক ধর্মীয় রীতি অনুযায়ী ফসল কর্তনের প্রার্থনা বা ‘থক্কা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
গারো সম্প্রদায়ের অধিকাংশ মানুষ বর্তমানে খ্রিষ্টধর্মাবলম্বী হলেও নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ও সাংসারেক ধর্মীয় সংস্কৃতির স্মারক হিসেবে প্রতিবছর ওয়ানগালা উৎসব পালন করেন। মূলত নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের উৎসব এটি।
উৎসবকে ঘিরে মরিয়মনগর হাই স্কুল মাঠে বসেছে জমজমাট মেলা। মেলায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, কৃষ্টি-সংস্কৃতির নানা উপকরণ, আসবাবপত্র, খ্রিষ্টধর্মীয় সামগ্রী, শিশুদের খেলনা ও বাহারি খাবারের দোকান বসেছে। উৎসব ও মেলাকে ঘিরে স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।