নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে গাইবান্ধাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, এবারের ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে।
উপজেলার কাটাবাড়ি মোড়সংলগ্ন রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা। ইজতেমার তিন দিনে ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের প্রতিনিধিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।
ইজতেমার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথি আহসান হাবীব চিনু ও রুবেল মণ্ডল জানান, মুসল্লিদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দিনরাত পাহারার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মাঠে প্যান্ডেল, অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে জেনারেটর রাখা হয়েছে।
এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
গাইবান্ধার সাতটি উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এ ইজতেমায় অংশ নিচ্ছেন। আগামী রবিবার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন।