নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কথিত অপতৎপরতা, নৈরাজ্য সৃষ্টি, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং সরকারি প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এতে উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী। তিনি বলেন, ‘নকলা-নালিতাবাড়ীর মাটি বিএনপির ঘাঁটি, সাধারণ মানুষের ঘাঁটি। এই মাটি কারও বাপ-দাদার পৈতৃক ভিটা নয়।’
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ জন্য এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার নির্দেশনা দেন সংসদ সদস্য।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।