নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো নতুন বিভাগ চালু করা উচিত নয়, যার বাস্তব প্রয়োজন নেই। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না। কর্মসংস্থানের বাজারে যেসব বিষয়ের চাহিদা রয়েছে, সেগুলোর ওপর গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করবে সরকার। এ ক্ষেত্রে নতুন জ্ঞান, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করা হবে।
তিনি বলেন, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণার ফলাফল সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট রয়েছে। এ বাজেট যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি সেশনজট কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
সেমিনারে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, গবেষণা ও উদ্ভাবনে যৌথ উদ্যোগ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।