নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর।
পারিবারিক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাতা ও প্রযোজক এম ডি ইকবালের ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৮ নভেম্বর বগুড়ায় যান সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
সোহেল খানের গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে। তাঁর ছোট ভাই ও চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানান, বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে। পরে রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।
এ ছাড়া ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
তাঁর আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। প্রিয় অভিনেতার মৃত্যুতে তাঁর নিজ এলাকা ধামরাইয়েও শোকের আবহ বিরাজ করছে।