নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদীতে ক্রেতাদের পরিমাপে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার কুরুয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে জ্বালানি তেল ব্যবসায়ী মাসুদ মিয়াকে পাঁচ হাজার টাকা এবং আরশাদুল ইসলামকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাঁদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ক্রেতাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
এ সময় বিএসটিআইয়ের উপপরিচালক ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রাজু আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।