নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী উপমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
ষষ্ঠ বাংলাদেশ-কানাডা দ্বিপাক্ষিক আলোচনা সভায় (এফওসি) সহ-সভাপতিত্ব করতে ওয়েলডন এপ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম কানাডার প্রতিনিধিকে স্বাগত জানান। এ সময় তিনি বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিশ্বব্যাপী গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার ভূমিকার প্রশংসা করেন। দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির গুরুত্ব এবং এ খাতে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল নাগাদ বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে। তিনি বাণিজ্য বহুমুখীকরণ এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় কানাডার অবদানের প্রশংসা করে শামা ওবায়েদ ইসলাম স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য তিন বছর অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখার আশ্বাসের জন্য কানাডাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে দক্ষ জনশক্তির অভিবাসন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। এ বিষয়ে কানাডার ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দায়ের করা মামলায় কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি ১৯ নভেম্বরের আইসিজের রায়ের পূর্ণ বাস্তবায়ন এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সহযোগিতা কামনা করেন।
বৈঠকের শেষ পর্যায়ে উভয় পক্ষ বাংলাদেশ ও কানাডার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।