নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
দেশের ৫০২ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সরাসরি মতবিনিময় করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শীর্ষক দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেশসেরা ২০ জন ইউএনওকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। দিনব্যাপী এ আয়োজনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা মতবিনিময় করবেন। পরে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অধিবেশন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ফ্যামিলি কার্ড, ইমাম ভাতা, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্ভয়ে ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরবেন ইউএনওরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও বক্তব্য দেওয়া ও প্রশ্ন করার সুযোগ পাবেন। এতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা সরাসরি সরকারপ্রধানের কাছে তুলে ধরতে পারবেন তাঁরা।
সম্মেলনে দেশসেরা ২০ জন ইউএনওকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে কর্মকর্তা নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম খান বলেন, সম্মেলনে সারা দেশের ২০ জন ইউএনওকে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও অংশ নেবেন। সন্ধ্যার অধিবেশনে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। পরে শ্রেষ্ঠ ইউএনওদের পুরস্কার প্রদান শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রতি জেলা থেকে একটি করে গাড়িতে সংশ্লিষ্ট জেলার ইউএনওরা ঢাকায় আসবেন।
প্রশাসন বিশেষজ্ঞরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এ সম্মেলনের মাধ্যমে সরকারপ্রধানের সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, তা সরাসরি সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে পারবেন ইউএনওরা। অন্যদিকে সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশা সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা পাবেন তাঁরা।
অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া বলেন, এরশাদ সরকারের আমলেও দুবার ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এ আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এ ধরনের সম্মেলনের উদ্যোগ ইতিবাচক। এর মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করা ও জনহয়রানি বন্ধে সরকারপ্রধান সরাসরি নির্দেশনা দিতে পারবেন। পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তারা গাড়ি ও জনবলসংকটসহ তাঁদের বিভিন্ন সীমাবদ্ধতা ও দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন।