নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘স্বাধীনতা (Swadhinata)’ প্রকল্পের আওতায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (FREEDOM)’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করে পরিবর্তন উন্নয়ন সংস্থা (পিইউএস)। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল ‘বৈচিত্র্যে মর্যাদা, অধিকারে সমতা’।
স্বাধীনতা প্রকল্পের ময়মনসিংহের ফোকাল পারসন কল্পনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম ও যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মো. হারুন অর রশিদ।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলা- ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা থেকে সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। এ ছাড়া ময়মনসিংহের অর্ধশতাধিক তরুণ-তরুণী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন খবরের কাগজের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ফয়সল আহমেদ, দৈনিক কালের কণ্ঠের শেরপুর জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার মেহেদী হাসান শামীম, জামালপুর দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন এবং প্রথম টিভির নেত্রকোণা প্রতিনিধি কামরুন্নাহার সুইটি।
এ ছাড়া মানবাধিকারকর্মীদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহের জাহাঙ্গীর আলম ও রাজন চন্দ্র, শেরপুরের সানজিদা জেরিন, নেত্রকোণার মিম আক্তার এবং জামালপুরের আয়েশা পারভীন।
আলোচনায় মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন গণমাধ্যম মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অসংগতি তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকেরা জানান, সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী, তরুণ সমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করাই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
আলোচনা শেষে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক একটি নাটিকা পরিবেশন করা হয়।