আত্মার মুক্তি, শাশ্বত প্রেম ও মানবতার দর্শনে সমৃদ্ধ কবি জালালউদ্দিন রুমির কবিতা নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে একুশে পাঠচক্রের নিয়মিত আসর। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলার সেঁজুতি অঙ্গনে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানে একুশে পাঠচক্রের ১৫৩তম আসর অনুষ্ঠিত হয়। ‘রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম’ শীর্ষক এ আসরে সভাপতিত্ব করেন শিক্ষক ঊর্মি দেবনাথ।
আলোচনায় বক্তব্য দেন সংস্কৃতিমান প্রেসক্লাব নালিতাবাড়ীর আহ্বায়ক বিপ্লব দে কেটু, শিক্ষক শঙ্করী পাঠক ও শিক্ষক পূজা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
আলোচকেরা বলেন, রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেমের গভীর অনুসন্ধান উঠে এসেছে। তাঁর কাছে প্রেম কেবল জাগতিক অনুভূতি নয়; বরং অহংকার, সংকীর্ণতা ও অন্ধকার থেকে আত্মাকে মুক্ত করে পরম সত্যের সন্ধান পাওয়ার এক অনন্য পথ। ভালোবাসার মধ্য দিয়ে আত্মবিসর্জন, মানবতার প্রতি মমত্ববোধ এবং সৃষ্টির সঙ্গে একাত্ম হওয়ার সাধনা তাঁর কবিতায় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁরা আরও বলেন, রুমির কবিতা কেবল সাহিত্যিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা মানুষকে আত্মোপলব্ধি, মানবিকতা, প্রেম ও শান্তির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। সময়ের পরিবর্তনেও তাঁর কবিতার দর্শন ও জীবনবোধ মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে। তাদের আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে পাঠচক্রের আয়োজন।
মন্তব্য করুন