বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
শেরপুর জেলা যুবদলের উদ্যোগে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের সূচি অনুযায়ী, বিকেল ৩টায় শুরু হবে আলোচনা সভা। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহরুল ইসলাম আতা। সঞ্চালনা করবেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।
কনসার্টে মনির খানের পাশাপাশি স্থানীয় কণ্ঠশিল্পী নুসরাত জাহান রিয়াসহ আরও কয়েকজন শিল্পীর গান পরিবেশনের কথা রয়েছে।
মনির খান এক ভিডিও বার্তায় শেরপুরে এসে অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন