Advertisement
মঙ্গলবার, 27 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে উদ্যোক্তা হতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে উদ্যোক্তা হতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
News Banner

শুধু চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘জব ফেয়ার দিনাজপুর ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না। প্রয়োজনীয় দক্ষতা ও আধুনিক উপকরণ সরবরাহের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার। যুবসমাজের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, তরুণদের নিজেদের উদ্যোগী হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও চিন্তা করতে হবে। উদ্যোক্তা হওয়ার আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণা তৈরিতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তরুণেরা আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়ার বাস্তব পথ খুঁজে পাবেন।

তরুণ প্রজন্মকে সফল উদ্যোক্তা ও সমাজসেবীদের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা, জহুরুল ইসলাম ও স্যামসন এইচ চৌধুরীর মতো সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।

দিনাজপুরের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলের তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো জরুরি। তাদের দক্ষতা ও উদ্যোগ কাজে লাগাতে পারলে উত্তরাঞ্চলের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
দিনব্যাপী এ চাকরি মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের স্টল বসে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ হাজার নিবন্ধিত প্রার্থীসহ ৪০ হাজারের বেশি চাকরিপ্রার্থী এতে অংশ নেন। মেলায় তাৎক্ষণিকভাবে শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগ পেয়েছেন বলে জানানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে জমা পড়া এক লাখের বেশি জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে শিগগিরই আনুষ্ঠানিক নিয়োগ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল।

এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কর্মকর্তা, চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 529 টি

মন্তব্য করুন