Advertisement
মঙ্গলবার, 27 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ভেজাল খাদ্য বন্ধ না হলে থামবে না মৃত্যুর মিছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভেজাল খাদ্য বন্ধ না হলে থামবে না মৃত্যুর মিছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
News Banner

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা না গেলে শুধু হাসপাতাল নির্মাণ বা ডায়ালিসিস মেশিন কিনে মৃত্যুর মিছিল থামানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থের একটি টাকাও দুর্নীতির পকেটে যেতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের নির্বাচনী ইশতেহারে রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি খাদ্যে ভেজাল ও স্বাস্থ্য খাতের দুর্নীতি জনস্বাস্থ্যের জন্য বড় বাধা। দেশের বিভিন্ন জেলায় ডায়ালিসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকবে।

এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতে আগামী কয়েক দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের কথা উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবেন না। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আয়োডিনের ঘাটতি মোকাবিলায় অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় আয়োডিনের অভাবজনিত বুদ্ধিবিকাশের সমস্যা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনো দেশের প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ ব্যবহার করছেন।

এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে আয়োডিনযুক্ত লবণের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 524 টি

মন্তব্য করুন