শেরপুরের নালিতাবাড়ীতে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গত শনিবার (২৪ অক্টোবর) রাতে নালিতাবাড়ী থানায় মামলাটি করা হয়। রোববার (২৫ অক্টোবর) শেরপুর সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বিপুল চন্দ্র দাস (৩২) একই এলাকার এক ব্যক্তির মেয়ের জামাতা। তিনি এক সন্তানের জনক এবং প্রায় দুই বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। এ সুবাদে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তাঁর পরিচয় ছিল। শিশুটি তাঁকে দুলাভাই বলে সম্বোধন করত।
এজাহারে উল্লেখ করা হয়, জীবিকার সন্ধানে শিশুটির বাবা-মা ঢাকায় অবস্থান করছিলেন। এ সময় বাড়িতে একাই ছিল শিশুটি। গত ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে পশ্চিম কাপাশিয়া গ্রামে তাদের বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় শিশুটিকে।
পরে দুর্গাপূজার ছুটিতে বাড়িতে ফিরে মেয়ের আচরণে পরিবর্তন ও কান্নাকাটি দেখে বিষয়টি জানতে পারেন তার বাবা-মা। শিশুটির বাবা ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে পরিবারটি ভেঙে পড়ে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অনল কুমার দত্ত বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন