ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসা শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যখাতকে জনমুখী করে নতুনভাবে সাজানোর কাজ চলছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মেডিকেল ফিজিক্স’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। মুখবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
দেশের চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা দেশের সম্পদ। যেকোনো সংকটে তাঁরা মানুষের সেবায় এগিয়ে আসেন।দিন-রাত পরিশ্রমের পাশাপাশি মানুষের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে তাঁরা প্রস্তুত থাকেন। চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে কাজ করেন।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারের মান উন্নত করা হয়েছে। ফলে রোগীদের মধ্যে সন্তুষ্টি বাড়ছে।
চিকিৎসা খাতের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসাসেবায় বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। তবে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আরও উন্নতির সুযোগ রয়েছে। অতীতে অনিয়ম ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন