শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের আমতলী বাজার থেকে একটি ধুম কাছিম উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের সহযোগিতায় কাছিমটি জলাশয়ে অবমুক্ত করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে শেরপুর-জামালপুর সড়কের পাশের আমতলী বাজারের একটি দোকানের পেছনে কাছিমটি দেখতে পান আলিম পরীক্ষার ফলপ্রার্থী মো. সাইদুর রহমান সিয়াম। পরে তিনি সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সিয়াম দিকপাড়া গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।
পরে সিয়াম শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে বিষয়টি জানান। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে কাছিমটি জলাশয়ে অবমুক্ত করেন।
শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া কাছিমটির ইংরেজি নাম Peacock-marked Softshell Turtle। এটি নিশাচর ও জলচর প্রাণী। শামুক, কেঁচো, চিংড়ি, মাছ, ব্যাঙ, কীটপতঙ্গের লার্ভা ও জলজ উদ্ভিদসহ বিভিন্ন ধরনের খাবার খায়। নদী, হ্রদ, পুকুর ও খাল এদের আবাসস্থল।
শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, দেশে কচ্ছপের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। নানা কারণে এসব প্রজাতির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর তফসিল-১ (খ) অনুযায়ী কচ্ছপ সংরক্ষিত প্রাণী। তাই এসব প্রাণী শিকার, হত্যা বা ক্ষতিসাধন করা আইনের ৪১(৩) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন