বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক সহযোগিতা জোরদারে স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বৈচিত্র্যকরণ, বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বস্ত্র ও পোশাক, ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ, সৃজনশীল অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়কে নিয়ে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি স্পেনের সেভিলে বাংলাদেশবিষয়ক একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আগ্রহ জানান তিনি।
দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে সেভিল চেম্বার অব কমার্স, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্রের আধুনিকায়ন, শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা, তথ্য বিনিময় এবং সেভিল চেম্বারের অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনায় স্থান পায়।
বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিয়মিত সংলাপ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এর মধ্য দিয়ে দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন