বর্তমান ফুটবলে সেরা মিডফিল্ডার কে—এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুসের পছন্দে এগিয়ে আছেন তার সাবেক সতীর্থ জুড বেলিংহ্যাম।
ক্রুসের মতে, বেলিংহ্যাম নিজের সেরা ছন্দে থাকলে বিশ্বের সেরা মিডফিল্ডার হওয়ার সামর্থ্য রাখেন। শুধু তাই নয়, বেশ কিছু গুণে ইংলিশ এই তারকা অন্যদের চেয়েও এগিয়ে বলে মনে করেন তিনি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৭-০ গোলের জয়ের ম্যাচে বেলিংহ্যামের দারুণ পারফরম্যান্সের পর তাকে নিয়ে কথা বলেন ক্রুস। ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’ নামের টিকটক শোতে আলোচনায় অংশ নেন তিনি। সেখানে অতিথি হিসেবে ছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দও।
বেলিংহ্যামকে নিয়ে ক্রুস বলেন, ‘আমার কাছে বেলিংহ্যাম বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। সে যদি নিজের সেরা অবস্থায় থাকে, তাহলে আমার মনে হয়, সে বিশ্বের সেরা হওয়ার সামর্থ্য রাখে।’
বেলিংহ্যামের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে ক্রুস তার দ্বৈরথে জেতার সক্ষমতা, দুই পায়ে গোল করার দক্ষতা, আকাশে বল দখলে রাখার ক্ষমতা এবং সঠিক সময়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার প্রবণতার কথা উল্লেখ করেন।
রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সুবাদে বেলিংহ্যামের সামর্থ্য কাছ থেকে দেখেছেন ক্রুস। জার্মান এই কিংবদন্তির মতে, মাঝমাঠে প্রভাব বিস্তারের পাশাপাশি আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতাই বেলিংহ্যামকে অন্যদের থেকে আলাদা করেছে।
মন্তব্য করুন