পাটের বাজারে নজরদারি বাড়িয়ে চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে সরকার। মধ্যস্বত্বভোগীরা যাতে দাদন দিয়ে কৃষকদের ন্যায্য দাম থেকে বঞ্চিত করতে না পারে, সে লক্ষ্যে বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাটের দাম বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে। পাটচাষিদের সহায়তায় সরকার সরাসরি বীজ, সার ও কীটনাশক সরবরাহ করছে। পাশাপাশি দীর্ঘ ১৭ বছর ধরে বন্ধ থাকা পাটের ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কৃষকেরা যাতে তাঁদের উৎপাদিত পাটের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে সরকার কাজ করছে। বাজারে নজরদারি বাড়ানোর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে।
শরীফুল আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বস্তি ও শান্তি নিশ্চিত করা এবং সবার বসবাসের উপযোগী সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ চলছে। মজলুম জননেতা মওলানা ভাসানীর কর্মময় জীবন এ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামসহ অন্যরা।
মন্তব্য করুন