নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের জন্য যা কল্যাণকর, বর্তমান সরকার তা-ই করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার পাবেন।
নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা ও আইনি সহায়তা পাবেন।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সমাজের সবার সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ১০৪টিতে দাঁড়িয়েছে। তবে আইন ও নীতিগত অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নারীরা এখনো বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর সহিংসতা।
বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনগুলো আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি এনজিও প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন