Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগে আসছে তুরস্কের সানকো

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগে আসছে তুরস্কের সানকো
News Banner

বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্কের শিল্পপ্রতিষ্ঠান সানকো হোল্ডিং। এ বিনিয়োগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করা হবে। কারখানাটিতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো (ISKO) এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে কারখানাটি প্রতিষ্ঠিত হবে। এতে ডেনিম কাপড় উৎপাদনের পাশাপাশি একটি সমন্বিত স্পিনিং ইউনিটও থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) সানকো হোল্ডিংয়ের একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০ কোটি ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রস্তাবিত কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কারখানাটি থেকে উৎপাদিত ডেনিম কাপড় রপ্তানি করা হবে।

সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সানকোর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে।তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে ইসকো।

প্রতিনিধিদলে আরও ছিলেন সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। নিয়মিত যোগাযোগ, ফলোআপ ও বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে প্রকল্পটি এগিয়ে নিতে ভূমিকা রেখেছে ইনভেস্ট বাংলাদেশ।

সংশ্লিষ্টদের আশা, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, ডেনিম উৎপাদনে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 645 টি

মন্তব্য করুন