ফিফা নারী বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো চারটি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ফুটবলের বিশ্ব আসর। ২০৩১ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। অন্যদিকে, ২০৩৫ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস।
সোমবার ফিফার বিশেষ সভায় পরবর্তী দুই আসরের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে নারী বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে ২০২৭ সালের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। আগামী ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনো দেশে বসবে নারী ফুটবলের বিশ্বকাপের আসর।
নারী বিশ্বকাপের ইতিহাসে এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডা আয়োজক হয়েছিল। সেই হিসাবে ২০৩১ সালের আসরটি হবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত তৃতীয় নারী বিশ্বকাপ। তবে চার দেশের যৌথ আয়োজনে এবারই প্রথম মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।
অন্যদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের চার অঞ্চল—ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।পাশাপাশি ১৯৬৬ সালের পুরুষ বিশ্বকাপের পর যুক্তরাজ্যে এটিই হবে প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজন।
এদিকে, ২০২৭ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এটিই হবে ৩২ দলের অংশগ্রহণে শেষ আসর। ২০৩১ সাল থেকে প্রতিযোগিতায় দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হবে। ফলে আরও বেশি দেশের নারী ফুটবল দল বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ পাবে।
মন্তব্য করুন