বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে সংস্থাটি।
নতুন এ কার্যালয় চীনা বিনিয়োগকারীদের জন্য স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পাবেন তাঁরা।
চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনাটি চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ইনভেস্ট বাংলাদেশের।
সংস্থাটির ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ চীনা পেশাজীবীদের এ কার্যালয়ে যুক্ত করা হয়েছে। তাঁরা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহ থেকে বাস্তব বিনিয়োগ প্রকল্প গড়ে তোলার প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবেন।
গুয়াংজু কার্যালয়ে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ সহায়তার দায়িত্বে রয়েছেন মে ঝৌ (May Zhou), চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং ইয়াং ওয়েনচুয়াং (Yang Wenchuang), রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট।
মে ঝৌর চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, ইয়াং ওয়েনচুয়াংয়েরও দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। পাশাপাশি চীনের একজন আইনজীবী হিসেবেও তাঁর যোগ্যতা রয়েছে।
চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদারে এরই মধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ। নতুন কার্যালয় এসব উদ্যোগকে আরও এগিয়ে নেবে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের বিনিয়োগের আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে বাংলাদেশে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই এসেছে, যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ।
নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে কাজ করবে গুয়াংজু কার্যালয়।
মন্তব্য করুন