প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তি উপলক্ষে শেরপুরে ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুর। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী অছিমদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যদী অছিমদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, কামারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিছ মিয়া এবং আতিকুর রহমান মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জুবায়দুল হক।
অনুষ্ঠানে ১০০টি অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা। প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তিতে এমন উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তাঁরা।
অসহায় কল্যাণ ফাউন্ডেশন শেরপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শিপন মিয়া। এ ছাড়া সংগঠনের সহসভাপতি জাহিদ হাসান ও সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান আলম এবং সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাবুসহ অন্যান্য সদস্য কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।
মন্তব্য করুন