ঋণের পরিমাণ নয়, বরং নেওয়া ঋণ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিই অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানো, করব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগ থেকে যথাযথ মুনাফা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা জরুরি।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এ এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার দায়িত্ব নেওয়ার সময় ঋণের বড় বোঝা, বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন, সুদ ব্যয়ের দ্রুত বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট ছিল। তবে বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরেছে। বাজেট অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ঋণ নেওয়া বন্ধের পথে এসেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং সরকারের ঋণ গ্রহণের ব্যয়ও কমেছে।
তিনি বলেন, ঋণ ব্যবস্থাপনার মূল চ্যালেঞ্জ ঋণের পরিমাণ নয়, বরং দুর্বল রাজস্ব আহরণ। ঋণের টেকসই ব্যবস্থাপনার ভিত্তি হলো কর সংস্কার এবং এমন প্রকল্পে ঋণ বিনিয়োগ করা, যেখান থেকে বিনিয়োগের অর্থনৈতিক সুফল পাওয়া যায়। কত ঋণ নেওয়া হলো, তার চেয়ে নেওয়া ঋণ কতটা ভালোভাবে কাজে লাগানো হলো, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
সম্মেলনে অর্থমন্ত্রী জানান, সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে উচ্চ সুদের বৈশ্বিক পরিস্থিতিতে ঋণ গ্রহণ, স্থানীয় বন্ডবাজারের উন্নয়ন, সুকুক, বেসরকারি বিনিয়োগ, ঋণঝুঁকি মূল্যায়ন, ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) প্রতিষ্ঠা এবং গ্রিন বন্ড ও ইউরোবন্ডের মতো নতুন আর্থিক উপকরণ নিয়ে আলোচনা হচ্ছে।
সম্মেলনের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণে সহায়ক বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের ক্ষেত্রে উপযুক্ত সময়ে ইউএস ডলার ইউরোবন্ড, সুকুক, সামুরাই ও পান্ডা বন্ড ব্যবহারের সুযোগ কাজে লাগাতে হবে।পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজার আরও সহজলভ্য করতে হবে। এ ক্ষেত্রে জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকের সুযোগ কাজে লাগানো এবং ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে লেনদেন নিষ্পত্তির সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে শুধু ব্যাংকের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকেও শক্তিশালী করতে হবে।
ঋণ পরিস্থিতির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। ২০২২ সালের জুনে এ ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে প্রায় ৫ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এ পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
তিনি জানান, ২০২২ সালের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। এতে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়।২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। একই সময়ে বৈদেশিক ঋণের সুদ ব্যয় ২০২১-২২ অর্থবছরের তুলনায় সাড়ে তিন গুণ বেড়েছিল। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালের ৩১ জুলাই তা কমে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। এ ছাড়া বিদ্যুৎ ও সার ভর্তুকিতে প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং জ্বালানি আমদানিতে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া রেখে যেতে হয়েছিল।
তবে গত দুই বছরে পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা। ২০২৬ সালের জুনে তা কমে ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
সরকারের ঋণ গ্রহণের ব্যয় কমার বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে তা ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে। ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে সরকার দীর্ঘমেয়াদি বন্ড ও সুকুকের মাধ্যমে ঋণ গ্রহণ বাড়াচ্ছে।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ডেট রিপোর্ট প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থা আধুনিকায়ন এবং জেপি মরগ্যানের জিবিআই-ইএম এজ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির বিষয়টিও তুলে ধরেন তিনি।
তবে অতীতের ঋণের দায় এখনো বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
ঋণ ব্যবস্থাপনাকে আরও টেকসই করতে কয়েকটি অগ্রাধিকার তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন করতে হবে। এটিই ঋণ সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ ছাড়া ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার, সরকারি ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং পুরো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান তিনি।
ঋণ গ্রহণের ক্ষেত্রে কম সুদের শর্তযুক্ত ঋণকে অগ্রাধিকার দেওয়া, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণ পরিহার এবং বাজেট ঘাটতি পূরণে টাকা ছাপানোর পথ বন্ধ রাখার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। পাশাপাশি বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা ও নতুন মধ্যমেয়াদি ঋণ কৌশল প্রকাশের কথা জানান তিনি।
তিনি বলেন, কেবল যথাযথভাবে যাচাই করা, উচ্চ মুনাফা ও প্রবৃদ্ধি সৃষ্টিতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যয় করতে হবে। চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে সুষ্ঠুভাবে শেষ করতে হবে। একই সঙ্গে পেনশন তহবিল, বিমা প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে স্থানীয় বন্ডবাজারের পরিধি বাড়াতে হবে।
সরকারি গ্যারান্টির ঝুঁকি নিয়ন্ত্রণ, ভর্তুকির বকেয়া পরিশোধ, গ্যারান্টির তালিকা ও ফিসকাল রিস্ক স্টেটমেন্ট প্রকাশ এবং শক্তিশালী ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ছাড়া আধুনিক ও সময়োপযোগী পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়ন এবং সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো বিকল্প ঋণ উপকরণের ব্যবহার বাড়ানোর কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, কার্যকর ও টেকসই হবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম হবে।
মন্তব্য করুন