বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানী। এ সময় তিনি দোহায় অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য কাতারের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফীর পক্ষ থেকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
অন্যদিকে কাতারের রাষ্ট্রদূত দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদার বিষয়টি উল্লেখ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে এ সংকটে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সংকটের টেকসই সমাধানে কাতারের অব্যাহত সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন তিনি।
মন্তব্য করুন