Advertisement
সোমবার, 16 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মাইসার চিকিৎসায় পাশে বিএম সাবাব ফাউন্ডেশন

মাইসার চিকিৎসায় পাশে বিএম সাবাব ফাউন্ডেশন
News Banner

জটিল স্নায়বিক রোগ ডিস্টোনিয়ায় আক্রান্ত ১০ বছর বয়সী মেহরিমা তাবাসসুম মাইসার চিকিৎসায় এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএম সাবাব ফাউন্ডেশন। রোববার (১৫ নভেম্বর) বিকেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমানের প্রথম সন্তান মাইসা। জন্মের পর সুস্থ-স্বাভাবিকভাবে বেড়ে উঠলেও চার বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডিস্টোনিয়া রোগ ধরা পড়ে। এ রোগের কারণে হঠাৎ মাথা ও পা অস্বাভাবিকভাবে বেঁকে যায়। তীব্র যন্ত্রণায় ছটফট করে শিশুটি।

মেয়েকে সুস্থ করতে দুই দফায় বিদেশে চিকিৎসা করিয়েছেন বাবা মাহফুজুর রহমান। ব্যয় করেছেন জীবনের সব সঞ্চয়। তবে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি মাইসা।

পরিবারের দাবি, চিকিৎসকেরা মাইসার মস্তিষ্কে ডিপ ব্রেইন স্টিমুলেশন (ডিবিএস) যন্ত্র স্থাপনের পরামর্শ দিয়েছেন। এ চিকিৎসায় সম্ভাব্য ব্যয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। অথচ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মাহফুজুর রহমান মাসে আয় করেন মাত্র ১৫ হাজার টাকা। সংসার চালানোর পাশাপাশি মেয়ের চিকিৎসার এত বিপুল অর্থ জোগাড় করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে মাইসার চিকিৎসায় আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুল ইসলাম সাবাব। এর আগেও তিনি শিশুটির চিকিৎসায় আর্থিক সহায়তা করেছিলেন। এবার উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক জাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার প্রধান উপদেষ্টা মো. গোলাম কিবরিয়া ভিপি, সাংবাদিক আব্দুল মোমেনসহ অন্যরা।

মাইসার চিকিৎসায় এখনো প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। মেয়েকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন বাবা মাহফুজুর রহমান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 134 টি

মন্তব্য করুন